ইসলামী শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষা: বর্তমান সমাজের সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

DU CH

গতকাল শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শিশুশিল্পীদের কণ্ঠে সূরা আলাকের অংশবিশেষ অর্থসহ তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্নার বক্তব্যের মাধ্যমে সেমিনারের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর সেমিনার উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্র পাঠ ও নাতে রাসূল (সা:) পরিবেশন করা হয়।

DU CH 2

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ইতিহাসবিদ, গবেষক ও লেখক জিয়াউল হক। তিনি বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন এবং অর্জিত জ্ঞান লেখনীর মাধ্যমে প্রকাশের আহ্বান জানান।

DU CH 3

সেমিনারে কবি আল মাহমুদের ‘বখতিয়ারের ঘোড়া’ কবিতা আবৃত্তি করা হয়। ‘ইসলামী শিক্ষার গুরুত্ব ও ইতিহাস’ বিষয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। তিনি শহীদ আব্দুল মালেকের স্মৃতি তুলে ধরে দেশের বিভক্তিমূলক শিক্ষাব্যবস্থা থেকে উত্তরণের জন্য জ্ঞান অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। পরে একটি কোরাস গান পরিবেশন করা হয়।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার শিক্ষা বিভাগীয় সম্পাদিকা সানিয়া তারান্নুম অর্নি নৈতিক চরিত্র গঠনে সীরাতে রাসূল (সা:)-এর অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার অপরিহার্যতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শহীদ আব্দুল মালেকের মায়ের কাছে লেখা একটি আবেগঘন চিঠি পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। চিঠি পাঠের সময় ইসলামী শিক্ষা, আদর্শ ও নৈতিকতার জন্য শহীদ আব্দুল মালেকের আত্মত্যাগের বিষয়টি উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।