কারিমুল হাসান, ধুনট (বগুড়া) : বগুড়া ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের হেউট নগর (কোদলা পাড়া) গ্রামের আব্দুল হাকিম। তিনি বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে সফল হয়েছেন। প্রতিদিন আঙ্গুর চাষি আব্দুল হাকিমের ফল বাগান দেখতে এসে ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে।
জানা যায়, গত ২০২৪ সালে ৭ শতাংশ জমিতে চাষি আব্দুল হাকিম ভারতীয় চয়ন জাতের আঙ্গুর চাষ করে সফল হয়েছেন। গত বছর ভালো ফলন হওয়ায়, চলতি মৌসুমে ৫৬ শতাংশ জমিতে ৩২২ টি গাছে মোট ২৪ টি জাতের আঙ্গুর চাষ করেছেন।
চাষি আব্দুল হাকিম বলেন, আমি অনলাইনে আঙ্গুর চাষ দেখে গত বছর পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করি। ভালো ফলন পাওয়ায় চলতি মৌসুমে ৫৬ শতাংশ জমিতে ২৪ টি জাতের আঙ্গুর চাষ করি। গত ২০২৪ সালের চেয়ে তুলনামূলকভাবে ২০২৫ সালে ভালো ফলন হয়েছে। তিনি আরো বলেন, গাছের পরিচর্যায় পানি, গোবর, ইটের সুড়কি ও সার দেই। তবে গত বছরের চেয়ে এবার আঙ্গুর গাছে পোকার উপদ্রব অনেকটাই কম। তবে পাখির উপদ্রব থেকে রক্ষা পেতে বাতাস চলাচল উপযোগী পাতলা ব্যাগ দিয়ে আঙ্গুর ফল ঢেকে রেখেছি। গাছের বয়স বাড়ার সাথে সাথে ফলনও বেশি হয়। যার কারণে আগামী বছর আরো ভালো ফলনের আশাবাদী।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, আমরা আঙ্গুর বাগানটি পরিদর্শন করেছি। আমরা প্রাথমিকভাবে তাকে সেবামূলক পরামর্শ দিচ্ছি। সঠিক পরামর্শে আগামীতে আঙ্গুরের চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি।
ইবিতে পরিবহন সংকট ভোগান্তিতে শিক্ষার্থীরা
সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কুষ্টিয়া জেলার শেষ প্রান্তে এবং ঝিনাইদহ জেলার শুরুতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে বতর্মানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৮,০০০। এর মধ্যে স্নাতক প্রায় ১৩,৫০০ এবং স্নাতকোত্তর ২,৫০০। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান একদম প্রতন্ত গ্রামে হওয়ায় এই ১৮,০০০ হাজার শিক্ষার্থীদের অধিকাংশই কুষ্টিয়া জেলা শহর অথবা ঝিনাইদহে অবস্থান করে। এছাড়াও অনেক শিক্ষার্থী শহরে টিউশন করে আবার কেউ কেউ পার্ট টাইম চাকরি করে। তাই প্রতিদিনই এই শিক্ষার্থীদের অধিকাংশই ক্যাম্পাস থেকে শহরে যাতায়াত করে থাকে। কিন্তু ইবিতে বাস সংকট একটি দীর্ঘমেয়াদী সমস্যা যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রায় এবং পড়াশোনায় ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলে। অপর্যাপ্ত বাস সংখ্যা, পুরনো ও ফিটনেসবিহীন বাস এবং কিছু রুটে বাসের অভাব শিক্ষার্থীদের জন্য নিয়মিত ভোগান্তির কারণ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক কিছু ভাড়ায় চালিত বাস নেওয়া হয়েছে যেগুলো শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহার করা হয়। তবে এই বাসগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয় এবং এইসব বাস ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না সেটিরও সঠিক তথ্য নেই। এমনকি এসব বাসের চালক ও হেল্পারদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। অনেক সময় তারা পথে থামিয়ে লোকাল যাত্রী ওঠান এবং শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সিট ছেড়ে দেন না। বাস সংকট ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং এর স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি। তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির কথা চিন্তা করে বাসের সংখ্যা বাড়িয়ে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের যথাযথ পদক্ষেপ অতিদ্রুত নিবেন।