বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে ভিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বাউবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন।
ভিসি জানান, গাজীপুর মূল ক্যাম্পাসের পাশাপাশি দেশের ১২টি আঞ্চলিক ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্র এবং ১,৪৫২টি স্টাডি সেন্টারের মাধ্যমে বাউবির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ৫২টি ফরমাল ও ১৯টি নন-ফরমাল প্রোগ্রামে তিন লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। দূরশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে প্রান্তিক ও কর্মজীবী মানুষকে শিক্ষা সুযোগের আওতায় আনা এবং কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, দেশের বাইরে দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং নতুন দেশেও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউজিসির তত্ত্বাবধানে বিশ্বব্যাংক অর্থায়িত ‘হিট’ প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতির কথাও তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে উভয়পক্ষ উচ্চশিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ইউজিসি চেয়ারম্যান বাউবির কার্যক্রমের প্রশংসা করে কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় প্রো-ভিসি (প্রশাসন) সাঈদ ফেরদৌস, ট্রেজারার ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন এবং আইকিউএসির পরিচালক ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন।