দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও গ্রামে রাইছমিলের পাশে সুরমা(কালণী) নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে নদীতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন দিরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঐ ব্যক্তির নাম মোঃ আলী পাশা(৩৮)। সে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের মৃত মুক্তার উল্ল্যাহ”র ছেলে। স্থানীয় ও আলীর পাশার স্বজনরা জানান, গত ৮ ফেব্রুয়ারি পাশ্ববর্তী দিরাই উপজেলার করিম ইউনিয়নের সাকিতপুর গ্রামের রুহেল মিয়া নামে এক ব্যক্তি আলী পাশার পাওয়ার টিলারসহ তাকে সাকিতপুর গ্রামের হাওরে আমন জমিন চাষাবাদের জন্য নিয়ে যান। এরপর থেকেই আলী পাশা নিখোঁজ হন। নিখোঁজের ৫ দিনের মাথায় নদীতে আলী পাশার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দিরাই থানাকে অবহিত করলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন।