গাইবান্ধা সংবাদদাতা: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত করার অপরাধে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জমিানা করেছে। মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১৩ যৌথ অভিযানে এই এই জরিমানা করেন। জানা গেছে, শহরের ব্রিজ রোড এলাকার কাজল ট্রেডার্সের মালিক আরিফ মো. রিজু ভোজ্য তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্বপাড়া এলাকার হক এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই অপরাধে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের দায়িত্বরত র‌্যাব-১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারি পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, অসাধু ব্যবসায়ীদের রুখতে তাদের এই নজরদারি নিয়মিত চলবে। অভিযানের সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন, র‌্যাবের উপ-সহকারি পরিচালক জিয়াদ হাসান ও নওশের আলী এবং র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।