স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগ। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মোঃ মানিক মিয়া (৩৬)। তিনি গাজীপুর মহানগরীর পুবাইল থানার মাঝুখান পশ্চিমপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১০ মে) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে গাজীপুর মহানগর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবি দক্ষিণ বিভাগের একটি টিম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন জনৈক সিদ্দিক মিয়ার বিল্ডিংয়ের নিচতলায় মানিক স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।

অভিযানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন মানিক মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের উৎস ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।