আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে কাঠের ব্রিজে ব্যবহৃত রেল লাইনের পাতের ১২ টি খুঁটি চোরা পথে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সাংবাদিকরা তথ্য উদঘাটনে মাঠে নামলে বিক্রেতারা দৌড়ঝাঁপ করে সামলাতে না পেরে রাতের আঁধারে ৬টি খুঁটি গোপনে রাস্তার ধারে ফেলে রেখে গেছে বলে জানা গেছে।
খাজরা ইউনিয়নের পারিশামারী হাইস্কুলের সামনে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে।
যেখানে পূর্বে রেলের পাটির খুঁটি ব্যবহার করে কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছিল। সাঁকোটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে সরকারি ব্যয় বরাদ্দে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। রেলের পাটির ১৮টি খুঁটি সেখান থেকে উঠিয়ে তার থেকে ১২টি খুঁটি গোপনে বিক্রি করে দেওয়া হয়। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে দেখতে পান ব্রিজের পাশে ৩টি খুঁটি রয়েছে। খালের অপর পাড়ে শাহিনের বাড়ীতে ৩টি খুঁটি পাওয়া যায়।
এলাকাবাসী জানান,সেখান থেকে মোট ১৮ টি খুঁটি উঠানো হয়। বুধবার (২৩ এপ্রিল) রাতে সেখান থেকে বড় চাকার ইঞ্জিন চালিত গাড়িতে করে ১২ টি খুঁটি নিয়ে গরালি বাজারে বিক্রি করা হয়। ব্রিজের কাজে ব্যবহৃত ভ্যেকু মেশিনের কন্ট্রাক্টর চেউটিয়া গ্রামের মৃত জিয়াদ বিশ্বাসের ছেলে মইজ উদ্দীন জানান, শুনেছি মেশিন চালানোর পূর্বে কয়েকটি খুঁটি উঠানো হয়েছিল।
আমরা বুধবার সন্ধ্যা রাতে ৭টি খুঁটি উঠিয়ে পাশে রাখি। সকালে এসে দেখি ৪টি নেই। তবে তিনি চুরির সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে ব্রিজের ঠিকাদারের পাহারাদার ছিল, তাকে এখনো পাইনি। পেলে কথা বলবেন। চুরি যাওয়া খুঁটি উদ্ধারে তিনি চেষ্টা করছেন এবং দ্রুত উদ্ধার করতে চেষ্টা করবেন বলে জানান।