মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং অভিভাবকদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, মো. কবির হোসাইন এবং খাসকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয় বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের পড়াশোনার বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর নেওয়ার ওপর জোর দেন। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।