নাটোরে দীর্ঘ ৩৫ বছর ধরে বেদখল থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ১.৩৭ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকায় হোমিওপ্যাথি কলেজসংলগ্ন এই মূল্যবান সম্পত্তিটি এতদিন একই মহল্লার মহসিন আলী ওরফে সোনার দখলে ছিল।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন এবং নাটোর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এ সময় সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসন ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় জমিটি উদ্ধার করার পর এর চারদিকে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয় এবং জেলা প্রশাসকের মালিকানা সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন জানান, সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রাকৃতিক উপায়ে রূপান্তরিত এই পুকুরটি দীর্ঘ ৩৫ বছর ধরে অবৈধ দখলে ছিল। উদ্ধারকৃত এই সম্পত্তি সাইরাত খাস জমির শ্রেণি পরিবর্তন করে সরকারি বিধি মোতাবেক লিজ প্রদান করা হবে।