সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের তিন প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
নিহতরা হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির হোসেন শুভ (৩০), দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশে জামায়াত নেতৃবৃন্দ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন তারা।
পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত তিন পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা আবু নওশাদ নোমানী, জিহাদুল ইসলাম, মাধনগর ইউনিয়নের আমীর ডা. ফজলুল হক নান্নু, জামায়াত নেতা মো. আফাজ উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, নিহতদের পরিবারের যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে।