চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরার মধ্যদিয়ে এ ধাপ সম্পন্ন হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তদন্ত কর্মকর্তার জেরা শেষ করেন আসামীপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালের অন্য সদস্য জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রুহুল আমিনকে পর্যায়ক্রমে জেরা করেন বেরোবির তৎকালীন প্রক্টর শরিফুল ইসলামের আইনজীবী আমিনুল গণি টিটো, পলাতক আসামীদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে আইনজীবী মামুনুর রশীদ, আইনজীবী ইশরাত জাহান ও শহিদুল ইসলাম। টানা চারদিন আসামীপক্ষের আইনজীবীদের প্রশ্নের মুখোমুখি হন এ মামলায় ২৫ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দী দেয়া রুহুল আমিন। এর আগে ৬ জানুয়ারি তৃতীয় দিনের জেরা সম্পন্ন হয়।