পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন।

এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে। নেশা করার জন্য চাঁদার টাকা না পেয়ে মাইনুল ক্ষিপ্ত হয়ে দোকানির উপর চড়াও হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে।