চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি ব্যাটালিয়ান-৬ কর্তৃক ৯৬ লক্ষ টাকা মূলের ৪টি স্বর্ণের বারসহ ১জন বহনকারীকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেন, বিজিবি-৬ এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত এক সফল অভিযানে ১ জন চোরাকারবারিকে আটকসহ ৪ (চার)টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১১ এপ্রিল ব্যাটালিয়নের অধীনস্থ বারাদী বিওপির পাঁচকবর এলাকায় একটি চৌকস টহলদল গোপনে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আনুমানিক রাত সোয়া ৭টার দিকে একজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে থামার জন্য সংকেত প্রদান করা হলে সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে শ্রী সমর হালদার (২৭)। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে ২ জন বেসামরিক সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করা হলে তার নিকট হতে সবুজ টেপ দ্বারা মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। উক্ত পোটলা থেকে মোট ৪ (চার)টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫২ (চারশত বায়ান্ন) গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৯৬ লক্ষ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়াও আটককৃত ব্যক্তির নিকট হতে ১টি মোবাইল ফোন এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।