চারঘাট (রাজশাহী সংবাদদাতা: দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা-সংলগ্ন চারঘাটের সারদাহ বাজার এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পাবলিক টয়লেটগুলো দীর্ঘদিন ধরে অচল পড়ে রয়েছে। ফলে বাধ্য হয়ে খোলা জায়গা ও সড়কের পাশে প্রাকৃতিক কাজ সারছেন সাধারণ মানুষ। এতে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে পৌরসভার ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় ব্যবসায়ী উজ্জ্বল জোয়ার্দার বলেন, পৌরসভার চারটি টয়লেটই অকেজো। মানুষ বাধ্য হয়ে খোলা জায়গায় টয়লেট করছে। এতে বাইরের লোকজনের কাছে আমাদের এলাকার ইমেজ নষ্ট হচ্ছে এবং বাজারে ক্রেতা কমে যাচ্ছে।

প্রথম শ্রেণির পৌরসভার স্বীকৃতিপ্রাপ্ত চারঘাটে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আটটি পাবলিক টয়লেট থাকলেও বাস্তবে সেগুলোর অধিকাংশই তালাবদ্ধ বা ব্যবহার অনুপযোগী। যেগুলো খোলা আছে, সেগুলোও অপরিচ্ছন্ন, পানির সংযোগহীন এবং দুর্গন্ধে ভরপুর। ফলে নাগরিকরা সেগুলো ব্যবহার করতে আগ্রহ হারাচ্ছেন।

১৯ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহী ক্যাডেট কলেজ, বাসস্ট্যান্ড, পৌর মার্কেট ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরেই এসব টয়লেট নির্মাণ করা হয়েছিল। কিন্তু অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন কার্যত অকার্যকর।

সরেজমিনে দেখা গেছে, সারদাহ বাজারের দুটি টয়লেট তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এর একটি টয়লেটের সামনে পৌরসভার ময়লার ভাগাড় নির্মাণ করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ খোলা জায়গায় টয়লেট সারছেন। একই চিত্র ট্রাফিক মোড়, কাঁকড়ামাড়ী বাজার ও ক্যাডেট কলেজ মোড় এলাকাতেও।