চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সম্প্রতি টানা এই অভিযানে চৌমুহনী এলাকার পানওয়ালা পাড়ায় প্রায় ১২ একর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উচ্ছেদকৃত এই জমি পূর্বে অধিগ্রহণ করা হলেও বর্তমানে মামলাধীন রয়েছে। এলাকাটি স্থানীয়ভাবে ‘হাড্ডি কোম্পানির জায়গা’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ দখল ও অনিয়মিত স্থাপনা গড়ে ওঠায় নগর পরিকল্পনা ও জমির সঠিক ব্যবহার ব্যাহত হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। তার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অনুমোদনবিহীনভাবে পরিচালিত প্রায় ২৫টি দোকান সিলগালা করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান, অথরাইজড অফিসার মো. তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আক্তার, সহকারী প্রকৌশলী নির্মল দত্ত এবং উপ-সহকারী প্রকৌশলী নূরে আলম বাধনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।