স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বিশেষ চাহিদাসম্পন্ন ও শারীরিকভাবে অক্ষম মানুষের চলাচল সহজ করতে গাজীপুরে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের জামায়াত-সমর্থিত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে তুরস্কভিত্তিক একটি সংস্থার সহযোগিতায় এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুরকে তারা এমন একটি বাসযোগ্য ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সমাজের কোনো শ্রেণি-পেশার মানুষ নিজেকে অবহেলিত মনে করবেন না। বিশেষ চাহিদাসম্পন্ন, শারীরিকভাবে অক্ষম এবং নানা কারণে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য নগরীতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, 'গাজীপুরকে আমরা সবার জন্য বাসযোগ্য একটি নগর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন, শারীরিকভাবে অক্ষম কিংবা নানাভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য আলাদা সুবিধা নিশ্চিত করা হবে।'

ড. হাফিজুর রহমান বলেন, নগর পরিচালনার ক্ষেত্রে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনমানের উন্নয়ন ও মানবিক সেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানো এবং নাগরিক সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, 'আমরা সুযোগ পেলে অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা পৌঁছে দেব, ইনশাআল্লাহ।'

আয়োজকরা জানান, শারীরিকভাবে অক্ষম ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের দৈনন্দিন চলাচলে হুইলচেয়ার গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। প্রয়োজনীয় এই সহায়তা পেলে অনেকেই পরিবারের সদস্যদের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাভাবিক জীবনযাপনে আরও সক্রিয় হতে পারেন। সেই বিবেচনায় সহযোগিতার অংশ হিসেবে হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সদর মেট্রো থানার আমির ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এডভোকেট সাদিকুজ্জামান খান, বাসন থানার আমির ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা আকরামুল ইসলামসহ সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর প্রার্থী, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।