গাজীপুর মহানগরীর হাড়িনাল উচ্চ বিদ্যালয়ে পাঠাগার স্থাপন করে শিক্ষার্থীদের জন্য প্রায় দুই লাখ টাকা মূল্যের বই দিয়েছে রোটারি ক্লাব। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত রোটারেক্টর অপুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠাগারটির নাম দেওয়া হয়েছে ‘অপু স্মৃতি পাঠাগার’।
মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে রোটারি ক্লাব অব ভাওয়াল হেরিটেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারটির উদ্বোধন করেন রোটারি ডিস্ট্রিক্ট-৬৪-এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও পিডিজি রুবায়েত হোসেন।
প্রকল্পের প্রোগ্রাম চেয়ার ও রোটারি ক্লাব অব ভাওয়াল হেরিটেজের পাস্ট প্রেসিডেন্ট সুব্রত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ভাওয়াল হেরিটেজের প্রেসিডেন্ট মোঃ গোলাম মোস্তফা, রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের পাস্ট প্রেসিডেন্ট মহিউদ্দিন পলাশ, রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট মনিরুজ্জামান, রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন, গাজীপুর সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর আলম, রোটারি ক্লাব অব ভাওয়ালের পাস্ট প্রেসিডেন্ট ইমতিয়াজ সাজু, রোটারি ক্লাব অব ভাওয়াল হেরিটেজের চার্টার্ড প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন সরকারসহ বিভিন্ন রোটারি ক্লাবের রোটারিয়ানরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমৃদ্ধ পাঠাগার শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের চিন্তাশক্তি ও জ্ঞানচর্চার পরিধি বাড়াতে সহায়ক হবে। প্রয়াত শিক্ষার্থীর স্মৃতিকে ধরে রেখে এ ধরনের উদ্যোগ নেওয়া মানবিক ও প্রশংসনীয় বলেও তারা উল্লেখ করেন।
পরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হেপাটাইটিস ‘এ’ ও ‘বি’ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের প্রতিনিধিরা হেপাটাইটিসের কারণ, সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধ ও করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন।
আয়োজনে সহযোগিতা করে রোটারি ক্লাব অব ভাওয়াল, রোটারি ক্লাব অব গাজীপুর, রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল, রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন, রোটারি ক্লাব অব ঢাকা রেডিয়েন্ট এবং রোটারি ক্লাব অব তুরাগ উত্তরা।
অনুষ্ঠান শেষে স্থানীয় একটি রেস্টুরেন্টে রোটারি ক্লাব অব ভাওয়াল হেরিটেজের চার্টার্ড ডে উপলক্ষে কেক কাটা হয়।