দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। ইউনিয়নগুলো হলো—মোহাম্মদপুর, বিটেশ্বর, মারুকা, মালিগাঁও, জিংলাতলী, পাঁচগাছিয়া, ইলিয়টগঞ্জ দক্ষিণ ও গোয়ালমারি। এর মধ্যে মোহাম্মদপুর ইউনিয়নে ৩৫০ জন এবং বিটেশ্বর ও মারুকা ইউনিয়নে ২৫০ জন করে কৃষক সহায়তা পান। অন্যান্য ইউনিয়নের কৃষকরাও নির্ধারিত সংখ্যায় এ সুবিধা পেয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, কৃষকদের সহায়তায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, সরকারের এ উদ্যোগে কৃষকরা উপকৃত হবেন এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
গ্রাম-গঞ্জ-শহর
১ হাজার চাষিকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।