সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ অভিযানে অসাধু চক্রের মজুতকৃত ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করে সরাসরি প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রির এক ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
গত বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে সারিয়াকান্দি পৌর এলাকার টিপুর মোড় এলাকায় চাঞ্চল্যকর এই অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ‘লোপা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানের গুদামে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের টিনশেড গুদামে অবৈধভাবে ট্যাংক ও ড্রাম ভর্তি করে প্রায় ৪ হাজার লিটার ডিজেল মজুত রাখা হয়েছিল। অভিযানের খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়, ফলে কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। অভিযানে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সহায়তা করেন।
সাধারণত জব্দকৃত মালামাল দীর্ঘ আইনি প্রক্রিয়ায় থানায় পড়ে থাকলেও, বর্তমান বোরো ও রবি মৌসুমের সেচ কাজের গুরুত্ব বিবেচনা করে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। জব্দকৃত সম্পূর্ণ ডিজেল সারিয়াকান্দির বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস জানান, “অবৈধভাবে মজুত রাখা তেল জব্দ করে আমরা কৃষকদের মাঝে বাজার মূল্যে বিক্রি করেছি। বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এবং কৃষকের কল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সরেজমিনে দেখা যায়, গুদাম থেকে তেল বের করে কৃষকদের হাতে তুলে দেওয়ার সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় কৃষকরা প্রশাসনের এই সাহসী ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
প্রশাসনের এই তড়িৎ ও ইতিবাচক সিদ্ধান্তকে অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে একটি কঠোর হুঁশিয়ারি হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।