কুমিল্লা অফিস : বাংলাদেশ হিউমান রাইটস ফাউন্ডেশনের কুমিল্লা মহানগরীর উদ্যোগে “প্রশাসন, আইনবিদ, মানবাধিকার কর্মী ও অন্যান্যদের ভূমিকা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) নগরীর টমছমব্রিজ এলাকায় অবস্থিত জমজম টাওয়ারের হোটেল গ্র্যান্ড ক্যাসেল এন্ড রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারপার্সন এডভোকেট এলিনা খাঁন। তিনি বলেন, মানবাধিকার রক্ষা কোনো স্লোগান নয়, বরং এটি একটি চলমান দায়িত্ব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে হলে মানবাধিকারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাশীল হওয়া জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, দেশে এখনও মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে আইনগত সচেতনতা বৃদ্ধি, সঠিক তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মানবাধিকারকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি মো. হারুনুর রশীদ ভূঁইয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট নাছির আহম্মেদ মোল্লা। প্রবন্ধ উপস্থাপন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউলের আলম সুজন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, ডা. টুন্টু কুমার চক্রবর্তী, ইন্সপেক্টর সাদিকুল আনোয়ার, সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, ফরহাদ হোসেন, জহিরুল ইসলাম, এডভোকেট শামসুদ্দিন, এডভোকেট মনির হোসেন পাটোয়ারী, সাংবাদিক অশোক কুমার বড়ুয়া প্রমুখ।
কর্মশালায় প্রশাসনের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে মানবাধিকার রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
বক্তারা বলেন, মানবাধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; এর যথাযথ প্রয়োগ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিও অপরিহার্য। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শেষে অংশগ্রহণ কারীদের মধ্যে মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।