বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে খুলনা জেলার ফুলতলায় ছুরিকাঘাতে মো. সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার দামোদর স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাব্বির দামোদর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা হোসেনের ছেলে। তিনি ডিস লাইনের সংযোগের কাজ করতেন। এ ঘটনায় স্বাধীন (১৮) ও নিরব (১৮) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হামলাকারী ও হতাহত উভয় একই বয়সী। তারা একে-অপরের বন্ধু। গত দু’দিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সাব্বিরকে পেয়ে পেটে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ছুরিকাহত সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে স্বাধীন ও নিরবের পেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় সে। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।