সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর কবল থেকে ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার কোস্ট গার্ডের বিসিজিএস সোনার বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম এ তথ্য জানান।
এর আগে বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকাগুলী ছোঁড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে করকরি নদীর মাল্লাখালী এলাকা থেকে অপহরণকৃত ছয় নারীসহ ৩৩ জন জেলেকে ১৬টি বোটসহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ৯ এপ্রিল সকালে তারা মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা থেকে সুন্দরবনে গিয়েছিলেন।
কোস্ট গার্ড স্টেশন কয়রার নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম জানান, ১৬টি নৌকা নিয়ে ৩৩ জেলেকে জিম্মি করে রেখেছিল করিম শরীফ বাহিনী। প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে ডাকাতদল। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়েছে। বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্যজীবীদের নিরাপত্তা, জলদস্যু ও বনদস্যু দমনে তাদের টহল অব্যাহত থাকবে।