স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত স্কুলছাত্র গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার বড় কাকিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে নুরুল ইসলাম। সে স্থানীয় আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে নুরুল ইসলাম শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ও ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি।

সোমবার সকালে উপজেলার সফাইশ্রী এলাকায় শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম জানান, নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে চেষ্টা চালানো হয়। পরে নদীতে ভেসে ওঠা লাশটি শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।