আমার দেশ এর সম্পাদক একুশে পদকে মনোনীত ব্যাক্তিত্ব ড. মাহমুদুর রহমান বলেছেন ৩২ নম্বর ভাঙার মাধ্যমে এবং জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। তিনি বলেন স্বৈরশাসকের বাড়ি ভাঙাই ইতিহাসের অলিখিত নিয়ম।

তিনি গত শনিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, শাবিপ্রবি আয়োজিত আধিপত্যবাদবিরোধী জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিভিল সোসাইটির কাজ হল জনগণের সাথে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলা। এদেশে সিভিল সোসাইটির বাংলা অর্থ করা হয়েছে সুশীল সমাজ। যা নিতান্তই ভুল। রাষ্ট্রের বাইরে দাঁড়িয়ে যারা জনগণের পক্ষে কথা বলে তারা সিভিল সোসাইটি। দুর্ভাগ্যবশত: বাংলাদেশ জন্মের পর থেকে জনগণের পক্ষে কথা বলার সিভিল সোসাইটি তৈরি হয়নি। এখানে একটি হিন্দুত্ববাদী সিভিল সোসাইটি তৈরি হয়েছে। যারা মূলত বাংলাদেশের সংস্কৃতি এবং বাঙালি মুসলমানদের আইডেন্টিটি নষ্ট করার জন্য কাজ করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তবে রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, প্রতিটি গণঅভ্যুত্থানের শক্তি গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তিগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়াটাই অভ্যুত্থানের স্পিরিট। তিনি হিটলারের ফ্যাসিবাদী নাৎসী পার্টির প্রসঙ্গ তুলে ধরে বলেন, নাৎসী পার্টি এখনো ফিরে আসেনি। তাই আওয়ামী লীগও ফিরে আসতে পারবেনা। আওয়ামী লীগের দালালদের কবরে জাতিসংঘের রিপোর্ট বেঁধে দেয়া উচিত।

একচুয়ারী বাংলাদেশ এর সিইও আহমদ ইমরান হাসান লস্কর এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক মঞ্চের সংগঠক এম তানজিল হাসান এর সঞ্চালনায় আধিপত্যবাদবিরোধী জাতীয় কনভেনশনে আরো বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান বিন হাদী, শিক্ষাবিদ লে: কর্নেল (অব:) আলী আহমদ, শাবির প্রফেসর নজরুল ইসলাম, প্রফেসর রবিউল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর, ডা. এইচ এম ইকবাল, বিশ্ববিলয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব,ফয়সাল হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুজন, মুমিনুল রশিদ শুভ, আজাদ শিকদার, জাতীয় নাগরিক কমিটির সৈয়দ আফসানা মুনা, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল করিম জলিল ও শাহীন আহমেদ প্রমুখ।