গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের টেকনাফের ডেইলপাড়া এলাকার সাথীরাম সিংয়ের স্ত্রী অষ্টমী শর্মা (২১) এবং একই এলাকার মেঘনাথ সিংয়ের ছেলে রাজেন্দ্র সিং (৩৫)।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ভোগড়া বাইপাস মোড়ে অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করা অষ্টমী শর্মা ও রাজেন্দ্র সিংকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা পলিথিনে মোড়ানো এয়ারটাইট জিপার প্যাকেট তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। পরে ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা হয়, যার নম্বর ২৫। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/৪১ ধারায় মামলাটি করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএমের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, গাজীপুর মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সরবরাহ ও কেনাবেচা বন্ধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।