বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই জনকে অর্থদ- ও কারাদ- দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পাচঁপীর ইউনিয়নের পাঁচটি বাসায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম।

বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদ- করা হয়। অপর এক ব্যক্তিকে ৪০ লিটার পেট্রোল বিক্রির অভিপ্রায়ে মজুদ রাখায় ৭ দিনের কারাদ- দেওয়া হয়। এবিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম বলেন, অভিযানে অন্য আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে বোদা থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণ সক্রিয় সহযোগিতা করেন। জব্দকৃত জ্বালানি তেল ন্যায্যমূল্যে বিক্রি করে সরকারের কোষাগারে জমা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।