চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠপাড়ার রেজাউল ইসলামের ছেলে রাসেল আলী (২৫) এবং দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আলিউল আজিম (১৪)।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. খাইরুল বাশার জানান, আজিমুলের বাবা মাঠে ধানের জমিতে কাজ করছিল। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে গাছের নীচে আশ্রয় নেয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বাঁকা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. তরিকুল ইসলাম জানান, রাসেল আলী মাঠে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, বজ্রপাতে রাসেল নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।