বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিকশা চুরি করার সময় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সিএনজি চোর চক্রের ৪ সদস্যকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার(১০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ি থেকে উক্ত চার সদস্যকে হাতেনাতে ধৃতকরে জনতা। ধৃত চোর চক্র সদস্যরা হলো- কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জেসমিনের বাপের বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র শাহাদাত হোসেন (১৯), একই ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার আইশার বর বাড়ির মোজাহের মিয়ার পুত্র একরাম মিয়া (১৯), একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মমতাজের বাপের বাড়ির মৃত আব্দুস শুক্কুরের পুত্র শাহাদাত হোসেন (২০) এবং ১নং ওয়ার্ড এলাকার শহিদের বাপের বাড়ি মো. করিম। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩দিকে পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ির উঠানে রাখা ইউসুফের সিএনজি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকার জনতা ওই চোর সদস্যকে হাতেনাতে ধৃত করে, পরে তাদের পুলিশে দিয়েছে। ধৃত চোরচক্র সদস্যরা বাঁশখালীর কালীপুর ও সাধনপুরের একটি সক্রিয় চোর সিন্ডিকেটের সাথে আঁতাত করে বিভিন্ন এলাকা থেকে সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি চুরি করে আসছিল বলে স্থানীয় সুত্রে জানা গেছে।