বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আমীর টি. এম. বিলাল হোসাইন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল সোমবার এক শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, টি. এম. বিলাল হোসাইন এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ছিলেন পরোপকারী ও সংগঠনপ্রাণ একজন ব্যক্তিত্ব। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, টি. এম. বিলাল হোসাইন ঢাকার অরোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ এপ্রিল সকাল ৯টায় ৪৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে। ঐদিন বাদ জোহর শ্রীনগর উপজেলার ছনবাড়ী আল-মদিনা মসজিদ প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুসের ইমামতিতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

তাঁর নিজ জেলা বাগেরহাট গ্রামের বাড়িতে ২৬ এপ্রিল বাদ মাগরিব বাগেরহাট জেলা আমীরের ইমামতিতে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।