সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা : পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) গাইবান্ধার সাঘাটা উপজেলার বটতলা বাজারে আনুষ্ঠানিকভাবে ‘আব্দুস সালাম মাস্টার- মনোয়ারা বেগম পাঠাগার’-এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই পাঠাগারটির উদ্বোধন করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের থাবা থেকে রক্ষায় এবং আলোকিত প্রজন্ম গড়তে প্রতিটি পাড়ায় এমন পাঠাগার গড়ে তোলা প্রয়োজন। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল কবীর প্রশাসনের পক্ষ থেকে পাঠাগারটির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পাঠাগারের উপদেষ্টা মাওলানা মোজ্জাফ্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।