নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবকদলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটেছে। আরিফ শাহ রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড তেজগাও কমিটির সদস্য।

আরিফ শাহ রনি জানান, তিনি ঈদে বাড়িতে এসেছেন। আজই তার ঢাকা যাওয়ার কথা। এমতাবস্থায় আজ সকালে বাড়ি সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুটির সাথে ঝুলানো অবস্থায় আমার মা একটি পলিথিন ব্যাগ দেখতে পান। তিনি আমাকে ডেকে ব্যাগটি দেখালে তাতে দেখা যায় ৫টি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে দেয়া।

এমন পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক আশপাশের লোকজনকে ডেকে দেখাই। এরপর ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। ্এ ঘটনায় আমি আশঙ্কা করছি যে, আমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। ধারণা করছি স্থানীয় আওয়ামীলীগের দোসররা এমন কান্ড ঘটিয়ে থাকতে পারে। এব্যাপারে আমি তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। রণির মা আফরোজা বেগম বলেন, সকালে বাড়ির গেট খুলতেই টিনের বেড়ার খুটির সাথে ওই ব্যাগটি দেখতে পাই। যা কোথা থেকে এসেছে বা কে রেখে গেছে তা আমি জানিনা। সেজন্যই আমার ছেলেকে ডেকে ব্যাগটি দেখাই। সে দেখে বুঝতে পারে এগুলো পেট্রোল বোমা। যা পরে লোকজনকে এবং পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ওই বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে।