সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘আমাদের অপরাধ, আমরা কেন বললাম সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। ১৩ই ফেব্রুয়ারি সাতক্ষীরা উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের "গোবিন্দকাটি হিফজুল কুরআন মহিলা মাদরাসার" দ্বিতীয় বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ। বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না। তারা নিজেদেরই সার্বভৌম মনে করেছিল। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। তো এত ক্ষমতার মালিক দেশ ছেড়ে পালালেন কেন? সেই ক্ষমতার দাপটে কেয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, পরাজয়ী এটা প্রমাণ করেছে, সর্বময় ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। ক্ষমতা ও ইজ্জত দেয়ার মালিক তিনি, কেড়ে নেয়ার মালিকও তিনি। যারা সম্মানিত মানুষকে অপমানিত করবে, আল্লাহ তাদের সম্মান ও রাজত্ব দুটোই কেড়ে নেন।’

মোঃ গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে ও মাওলানা মনিরুজ্জামান মিনুর পরিচালনায় সভায় প্রধান বক্তার আলোচনা রাখেন, মাওলানা হাসান আল মামুন লাল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শরীফ মুস্তাফিজ বিল্লাহ, হাফেজ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা সামসুল আলম সহ ওলামায়ে কেরাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ শাজাহান কবির, ঝাউডাঙ্গা বাজার কমিটির নবনির্বাচিত সেক্রেটারি আবু মুসা ও রফিকুল ইসলাম।