পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় পবিপ্রবির মুক্ত বাংলার সামনে এ ঘটনা ঘটে।
আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিতে পবিপ্রবির ক্যাম্পাসে যান আলতাফ হোসেন চৌধুরী। তার আগমনকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আলতাফ হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয় আগমন উপলক্ষে আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপকে দাওয়াত না দিয়ে অন্য গ্রুপকে দাওয়াত দেওয়ায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান। কিন্তু তার দুমকিতে তথা পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানি না।