কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা রাজনীতির সমীকরণে এক অপ্রতিরোধ্য নাম হিসেবে আবির্ভূত হয়েছেন সদ্য যোগদানকারী জামায়াত নেতা ও সাবেক কেন্দ্রীয় গণপরিষদের সহ-সভাপতি মিন্টু ঢালী। সমাজসেবা আর জনসম্পৃক্ততায় নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে, বর্তমানে তিনি কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এক ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন।
গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এক অনন্য মানবিক নজির স্থাপন করেছেন এই তরুণ শিল্পপতি। জামায়াতের ত্যাগী কর্মী হিসেবে পরিচিত অসুস্থ আমির হামজা রানা চৌধুরীর অসুস্থতার খবর পেয়েই তার বাসভবনে ছুটে যান মিন্টু ঢালী। সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান, অসুস্থ কর্মীর খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটচাঁদপুরের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের প্রশংসায় ভাসছেন তিনি।
দীর্ঘদিন ধরেই কোটচাঁদপুর পৌর ও উপজেলার সাধারণ মানুষের যেকোনো বিপদে-আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মিন্টু ঢালী। বিশেষ করে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে তার সরব উপস্থিতি তাকে সাধারণ ভোটারদের আস্থার প্রতীকে পরিণত করেছে।