টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি স্থানে এই ঘটনা ঘটে।
স্বজনরা জানান, উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ গ্রামে জমিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রিজান ঢালী (১৬)। পরে তাকে দ্রুত টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব (২২)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন।
টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, সুরতহাল শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।