নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ, জেলার কটিয়াদীতে বিদেশী পিস্তল ও ছয় রাউন্ড গুলীসহ দুইজনকে গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ। জানা গেছে শনিবার দিবাগত রাতে কটিয়াদী উপজেলার পূর্ব মন্ডলভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী শরীফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শরীফ মিয়াকে ও মনির হোসেন নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে মনির হোসেনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলী উদ্ধার করা হয়। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। হোটেল মালিককে দুই লাখ টাকা জরিমানা: কিশোরগঞ্জ জেলা শহরের নতুন জেলখানা মোড়ে ফ্রিজে পচা মাংস সংরক্ষণের অপরাধে ভাই ভাই হোটেল মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, ফ্রিজে পচা মাংস সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভাই ভাই হোটেলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেন বিশুদ্ধ খাদ্য আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার নতুন জেলাখানার মোড় এলাকায় ভাই ভাই হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রিজে পচা মাংস সংরক্ষণের দায়ে দুই লাখ টাকা, একই উপজেলার নিউ ঢাকা ফুড প্রোডাক্টস ও কিশোর ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অন্যান্য অপরাধে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এসময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। এসব অভিযানে পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করেন।