সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা : আসন্ন বর্ষা ও বন্যার আগাম প্রস্তুতি হিসেবে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বন্যাপ্রবণ ২৬টি জেলার হতদরিদ্র পরিবারের মাঝে ১৫০০টি মেঝে পাকা টিনের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এর আগে ১৫০০ আধাপাকা ঘর হস্তান্তরের পর নতুন করে এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নদী তীরবর্তী ও চরাঞ্চলে ৫৫টি ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর নির্মাণকাজও চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবনির্মিত দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরের দৈর্ঘ্য ২২ ফুট এবং প্রস্থ ১৩.৫ ফুট। এছাড়া ঘরগুলোর সামনে রয়েছে ২২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি প্রশস্ত বারান্দা। বন্যা ও জলোচ্ছ্বাসের কথা মাথায় রেখে মেঝে থেকে ছাদের উচ্চতা রাখা হয়েছে ৯ ফুট। স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক বসবাসের জন্য প্রতিটি ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের সুবিধার্থে দুটি দরজা এবং চারটি জানালা সংযুক্ত করা হয়েছে। সাঘাটা ও ফুলছড়ির মতো বন্যাপ্রবণ নদী অঞ্চলের যেসব হতদরিদ্র মানুষের বসতঘর অত্যন্ত করুণ ও ভঙ্গুর, কয়েক ধাপে নিবিড় ও স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করে তাদেরকে এসব ঘর প্রদান করা হচ্ছে।