কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শতবর্ষী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ এসএসসি পরীক্ষার্থদের বিদায় ও দোয়া অনু্ষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউনুস। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান ও পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুহিত। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আহছান কবির টুটুল, বিশিষ্ট ব্যবসায়ী ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাসুম ইবনে মনির, আব্দুল করিম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদায়ী শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
কৃষি প্রণোদনা বিতরণ
বাহুবল (হবিগঞ্জ) : উপজেলায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার কৃষকের মাঝে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষি খাত আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গণপিটুনিতে নিহত ২
হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের বনপারিল নয় বছরের শিশু কন্যা আতিকা হত্যার অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৭ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল বিকাল ৫টার দিকে বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ দেখতে পান স্থানীয়রা। স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা পিতাপুত্রসহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু (২৮) নিহত হয় এবং পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়। আহত নাজমুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়েছে।
বজ্রপাতে কৃষকের মৃত্যু
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বজ্রপাতে আবু তাহের (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত ১৬ এপ্রিল রাতে উপজেলার আন্দুলিয়া গ্রামের মাঠের একটি ধানক্ষেত থেকে তার ঝলসানো লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের আন্দুলিয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। নিহতের চাচা মাদরাসা শিক্ষক বিল্লাল হুসাইন জানান, দুপুরে ঝড়-বৃষ্টির পর তাহের ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর আবারও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাতে ধানক্ষেতের আইল থেকে তার ঝলসানো লাশ উদ্ধার করা হয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ তদন্ত নুরুল আমিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিক্ষাশিবির সম্পন্ন
বড়লেখা (মৌলভীবাজার) : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২৬’।
গত ১৪ ও ১৫ এপ্রিল জেলার একটি অভিজাত হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মহসিন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল।
যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার মন্ডল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১৭ এপ্রিল সকালে জীবননগর উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে।
নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।
কোল্ড স্টোরেজের কর্মীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার ও তার সহকর্মী মফিজুল হক একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতে মফিজুল হকের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তুষার মন্ডল তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজেই দায়িত্ব পালন করতে থাকেন।
পরে ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে খুঁজে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে পড়ে থাকতে দেখে মৃত অবস্থায়।