মীরসরাই সংবাদদাতাঃ চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, দুই দিন আগের একটি বিরোধ মীমাংসার জন্য শুক্রবার দুপুরে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন যুবক হঠাৎ অতর্কিত হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের রক্ষা করতে গেলে হামলাকারীদের কিল-ঘুষিতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন শফিউল আলম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।