বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে হবিগঞ্জ উপজেলায় দায়িত্বশীলদের নিয়ে গতকাল শনিবার শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথি বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়নে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা ও জনজাগরণ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তা কার্যকর করা গণতান্ত্রিক ধারার অপরিহার্য অংশ।

তিনি আরও বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে গণভোটের রায় অগ্রাহ্য করা হলে তা নব্য ফ্যাসিবাদী আচরণের প্রতিফলন হিসেবে বিবেচিত হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে এবং জুলাই শহীদদের আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে হবে। অন্যথায় জনগণ আবারও বৃহত্তর আন্দোলন বা বিপ্লবের পথে ধাবিত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

উপজেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মহসিন আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট নজরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস শহীদ, ডা: শামছুর রহমান, মাওলানা আবু ওয়াসিফ, অধ্যাপক আবু বান্না, মাওলানা তাছলিম আলম এবং আতিকুল ইসলাম সোহাগ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, আদর্শিক চর্চা জোরদার ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নিয়মিত শিক্ষা শিবিরের গুরুত্ব অপরিসীম। তারা দায়িত্বশীলদেরকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের কাছে ন্যায়ভিত্তিক মূল্যবোধ পৌঁছে দেয়ার আহ্বান জানান।