ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্কুল শিক্ষার্থী নিশাদ জাহানের (৬) হত্যাকারী ইসহাকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল রোববার সকালে সদর উপজেলা ৭নং তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের ইউনিয়ন অফিসের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।

মানববন্ধনে নিহত নিশাদের চাচা আব্দুল বাছির, মোঃ মাঈনুদ্দিন মামুন, ৭নং তালশহর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, নিহত মেয়ের শিক্ষক সজল দেবনাথ, মোঃ লিয়াকত আলী, আব্দুল কুদ্দুল, মোঃ ওসমান গনি, মোঃ শামীম আহমেদ, মাহবুবুর রহমান, লায়ন হাজী জুনায়েদ বক্তব্য রাখেন।

নিহতের চাচা আব্দুল বাছির কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ভাতিজি প্রতিদিন আমাকে বড় আব্বু বলে ডাকত। আমার ভাই বিদেশে থাকার কারনে আমার কাছে সব দায়িত্ব ছিল। আমার ভাইয়ের মেয়ে নিশাদের হত্যাকারী ইসহাকের ফাসি চাই। আমি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি শ্যামল ভাই ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার ভাতিজির হত্যার বিচার চাই।

এসময় তারা অবিলম্বে নিশাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর সাড়ে ছয় বছরের শিশু নিশাতের বস্তাবন্দি লাশ গত শুক্রবার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। নিহত নিশাত ওই এলাকার প্রবাসী সাদেক মিয়ার মেয়ে।