মোংলা বন্দরে আমদানি ঘোষণার সাথে মিল না থাকায় ৫ কোটি টাকার সিগারেট জব্দ করেছে কাস্টম হাউস। বুধবার (১৪ মে) সকালে মোংলা কাস্টম হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় কাস্টম কর্মকর্তারা কনটেইনারটি খুলে দেখেন, ঘোষণায় ছিল রিবন বা ফিতা, কিন্তু কনটেইনার খুলতেই বের হলো ওরিস সিলভার ব্র্যান্ডের ৭৮ লাখ শলাকা বিদেশী সিগারেট।

কাস্টমস সূত্র জানায়, পিআইএল বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আসা ২০ ফুট দৈর্ঘ্যের এই কনটেইনারটি মুন্নি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের নামে এসেছে। কনটেইনারে থাকা ৩৯০টি প্যাকেজের প্রতিটিতেই সিগারেট ছিল। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রাথমিকভাবে ধরা হয়েছে পাঁচ কোটি চার লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা।

মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান বলেন, ‘ঘোষণার সাথে মিল না থাকা ও শুল্ক ফাঁকির সুস্পষ্ট চেষ্টা ছিল। কাস্টমস আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের নজরদারি জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এভাবে প্রতারণা করতে না পারে। মোংলা বন্দরের নিরাপত্তা ও রাজস্ব রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।’

এ ঘটনায় সংশ্লিষ্টরা বলছেন, কাস্টমস হাউসের তৎপরতায় মোংলা বন্দরের ভাবমূর্তি সুরক্ষিত থাকবে এবং অবৈধ বাণিজ্য চক্রকে নিরুৎসাহিত করা সম্ভব হবে।