বিভিন্ন স্থানে গ্রেফতার
যশোর সংবাদদাতা : অপারেশন ডেভিল হান্টে যশোরে ২৪ জনকে আটক করা হয়েছে। রোববার গভীর রাত থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) গভির রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৫ জন এবং কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নূর-ই-আলম সিদ্দিকী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ফেরদৌস নরেন্দ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইউনিয়ন জুড়ে ফেরদৌসের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ফেরদৌস আলম ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হলেও তার দাপটে অস্থির ছিল পুরো ইউনিয়নবাসী। ইউনিয়ন জুড়ে দখলদারি ও সন্ত্রাসীকর্মকাণ্ডসহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের হয়রানি ও চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন তিনি। ইউনিয়নের মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছিলেন ফেরদৌস। তার দাপটে অতিষ্ট হয়ে উঠেছিল ইউনিয়নবাসী। সম্প্রতি ওই গ্রামের নুর ইসলাম নামে জনৈক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা আদায়সহ বিভিন্নি ঘটনায় ডজন খানেক অভিযোগ রয়েছে ফেরদৌসের বিরুদ্ধে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানিয়েছেন, কোতয়ালী থানায় আটককৃত ৯ জনের বিরুদ্ধে পৃথক অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বোমাবাজির অভিযোগে গত ১৯ নবেম্বর কোতোয়াালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল ইসলাম। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই নয় জনকে আটক করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নূর-ই-আলম সিদ্দিকী জানিয়েছেন, কোতয়ালী মডেল থানায় ৯ জন ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আরও ১৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।
তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্ট যৌথভাবে পরিচালিত হলেও পুলিশি কার্যক্রম আরও গতিশীল হলো। এছাড়া অপরাধ দমনে জনগণের কাক্সিক্ষত সেবা দিতে পারবে বাহিনীটি।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে গেল ২৪ ঘন্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮), ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫), শাল্লা উপজেলার চার নম্বর শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাত্তার মিয়া (৭৬), একই উপজেলার তিন নম্বর বাহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা স্বে”ছাসেবক লীগের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)। শাল্লায় গ্রেপ্তারকৃত দুজনেই উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গেল ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মৌলভীবাজার : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে সারাদেশের ন্যায় মৌলভীবাজারে ও পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। বিশেষ এই অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি করুণাময় দেব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুন নূর ও নিষিদ্ধ সংগঠন কালাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাসিমুর রহমান মাশরাফি। এ ছাড়াও গ্রেপ্তারকৃত অন্যান্যরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। জেলা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
শাল্লা (সুনামগঞ্জ) সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
চৌগাছা (যশোর) : অপারেশন ডেভিল হান্টে যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন হাকিমপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান (৬৫) এবং পাশাপোল ইউনিয়নের ১ ওয়ার্ডের মেম্বর আমিনুল ইসলাম। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দুইজন জনকে আটক করা হয়। আটককৃতদের থানার একটি পেইন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সিংড়া (নাটোর) দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান (৪৫), তিনি রানীনগর গ্রামের মোঃ শাহাদত হোসেনের ছেলে। অপরজন পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ রিপন হোসেন (২৫), তিনি নিংগইন গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ ও ২০২৩ সালের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত ৫ সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।