পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গজারিয়া উপজেলায় সিরাত প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ইসলামী জ্ঞানচর্চায় সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গজারিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিযোগীরা এতে অংশ নেন।

গজারিয়ায় অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতার পরিচালক ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা এইচ এম বায়েজিদ বলেন, প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী সম্পর্কে গভীরভাবে জানা এবং ব্যক্তি ও সমাজজীবনে তাঁর আদর্শ বাস্তবায়নে মানুষকে উদ্বুদ্ধ করতেই এ প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে।

তিনি জানান, মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় একযোগে এ সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে গজারিয়াতেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রতিযোগীদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সদস্য (রুকন), কর্মী ও মহিলা বিভাগের জন্য পৃথকভাবে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। একই সঙ্গে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।