গাজীপুরের শ্রীপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রহলাদপুর ইউনিয়ন শাখা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের প্রহলাদপুর ইউনিয়ন শাখার সভাপতি ফজলুল করিম শাহাদাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এরফানুল হক সাকিব।

প্রধান অতিথির বক্তব্যে এরফানুল হক সাকিব বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি মেধাবী শিক্ষার্থীদের অর্জন দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সততা ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ সুন্দর করার পাশাপাশি দেশকেও এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিতে হবে। একটি জাতির প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামোগত অগ্রগতির ওপর নির্ভর করে না; শিক্ষিত, দক্ষ ও নৈতিক প্রজন্মই একটি জাতির মূল শক্তি। কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং প্রহলাদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আলী হোসাইন পালোয়ান।

অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৮০ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।