স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরের গাছা থানাধীন উত্তর খাইলকৈর এলাকার মোক্তার বাড়ি রোডে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। রোববার (১০ মে) এই অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।

অভিযান চলাকালে দেখা যায়, কয়েকটি মজা পুকুরে অস্বাস্থ্যকর ও দূষিত কালো পানিতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির দেহাংশ ও নাড়ি-ভূড়ি ব্যবহার করা হচ্ছিল, যা মারাত্মকভাবে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।

অভিযানকালে পুকুরগুলোতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেখা যায়, যা আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অভিযোগকারী স্থানীয় বাসিন্দা জানান, দুর্গন্ধের কারণে আশপাশের শিশুদের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছে।

অভিযানে বিভিন্ন পুকুর থেকে আনুমানিক ১২০ মন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এ সময় কবির হোসেন নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে সিনিয়র মৎস্য কর্মকর্তা গাজীপুর সদর, গাজীপুর আবু সামা প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জব্দকৃত মাছ ও সংশ্লিষ্ট সামগ্রী বিধি মোতাবেক ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।