চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, বাংলাদেশ নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় অবস্থিত ‘সি হার্ট’ নামের একটি কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই কারখানা থেকে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অবৈধ জাল ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।