আশাশুনি সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। ভাঙন রোধে পানি উন্নয়ন ইতিমধ্যে কাজ শুরু করেছে। ভুক্তভোগী এলাকাবাসী
টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দিনগত শেষ রাতে ভাটার টানে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় ২০০শ’ ফুট স্থান জুড়ে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে এ ভয়াবহ ভাঙন ধ্বংস দেখা দেয়। শুক্রবার সকালে এ খবর এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বেড়িবাঁধ ভাঙনের এ খবর অবগত হয়ে ভাঙন এলাকা পরিদর্শনে আসেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাছকিয়া। নির্বাহী প্রকৌশলী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কলগেট, শ্রমিকদের মাধ্যমে জিও ব্যাগে বালু ভর্তি করে ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওঃ নুরুল আবসার মুরতাজা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, মাওঃ আল-আমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক মাওঃ শাহজাহান আলী, মটর সাইকেল চালক সমিতির সভাপতি আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। ভাঙন এলাকা ভোষকা মাটি আর চোরা বালুর ঝুঁকিপূর্ণ এই বেড়িবাঁধ বারবারই ভাঙে। আর ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী।
ইতোপূর্বে এ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একের তিন অংশ কপোতাক্ষ নদীর করালগ্রাসে বিলীন হয়েছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে মানুষ, নিঃস্ব হয়েছে পরিবার। বিগত দুর্যোগ আম্ফান ও ইয়াস ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি এই এলাকার মানুষ। এহেন পরিস্থিতিতে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর।