স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদল কর্মীদের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ফজলে রাব্বি সিফাত বলেন, গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মাদ্রাসার প্রধান ফটকের বিপরীতে বাঁশপট্টি এলাকায় ছাত্রদল কর্মী মামুন তাকে ডেকে নেয়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল টঙ্গী পূর্ব থানার সভাপতি পদপ্রার্থী ফজলে রাব্বির নেতৃত্বে মাহফুজ, নাহিয়ান, নাবিউল, সামি শিকদারসহ ৮-১০ জন ছাত্রদল কর্মী। তারা সিফাতকে একটি বাঁশের ঘরে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কুয়েটে ছাত্রদলের হামলার বিপক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য মারধর করে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে অপবাদ চালানোর জন্য জোরপূর্বক ভিডিও বিবৃতি নেওয়া হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আইনি সহায়তা নিতে টঙ্গী পশ্চিম থানায় গেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবু জাফরসহ অন্যান্য নেতাকর্মীরা তাকে টঙ্গী পূর্ব থানায় নেওয়ার পথে পুলিশি গাড়িতেই জোরপূর্বক ভিডিও ধারণ করে নারী ঘটিত অপবাদ দেওয়ার চেষ্টা চালায়।
ফজলে রাব্বি সিফাত আরও বলেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই আন্দোলনের সময় নিয়মিত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং কুয়েটের ইস্যুতে তা'মীরুল মিল্লাত টঙ্গীর প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। এর প্রতিশোধ নিতেই ছাত্রদলের কর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও সরকারের কাছে তার ওপর হামলার সুষ্ঠু বিচার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এসময় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্রশিবিরের সম্পাদক দপ্তর মঈনুল ইসলাম, আলিম থানা সভাপতি শোয়াইবুর রহমান,টঙ্গী পশ্চিম থানা সভাপতি আরাফাত হোসাইন সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।