গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া এলাকা সহ কাটাখালী নদীর বিভিন্ন স্থান থেকে দীর্ঘ দিন ধরে নির্বিচারে চলছে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না। এতে করে বালু দস্যুরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়ায় অন্তত ১০টি ড্রেজার, ও স্যালো মেশিন দিয়ে দিনে রাতে ভূগর্ভস্থ বালু উত্তোলন ও পরিবহন এবং বিক্রি করে আসছে এলাকার একদল বালু দস্যু। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী গুচ্ছগ্রাম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়া ফসলি জমি, নদীর বাঁধ বিলিন হয়ে যাচ্ছে। বালুবাহী যানবাহন গুলো অনবরত চলাচল করায় রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে । ইতিপূর্বে সমসপাড়া এলাকায় ট্রাক্টর দিয়ে বালু আনা নেয়ার সময় ট্রাক্টর চাপায় এক শিশু নিহত, ও লোকজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বার-বার অভিযোগ করেও পাননি কোন প্রতিকার। ফলে দিন-দিন অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে বাঁধা হীন ভাবে ।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা বক্তব্য জানতে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নি।
নাম মাত্র অভিযান নয়, কার্যকরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর।